বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জাপানের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ও জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বসুন্ধরায় অবস্থিত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উচ্চপর্যায়ের জাপানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত ও নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবে।
সাক্ষাৎটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না- তা পর্যবেক্ষণের বিষয়ে আলোচনা হয়।
জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের মূল লক্ষ্য হলো নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়তা করা।
বৈঠকে আশা প্রকাশ করা হয়, জাপানের এ উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুসংহত করতে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের উন্নয়ন, অগ্রগতি এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।