বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর শনিবার (৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি ভাষণ দেবেন।
দলীয় সূত্র জানায়, তারেক রহমান ২০০৩ সালের ৮ ডিসেম্বর সর্বশেষ ঠাকুরগাঁও এসেছিলেন। তারেক রহমানের নির্বাচনী সফর সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশস্থলে শুক্রবার সকাল থেকে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে জনসভায় নেতাকর্মী, সমর্থকদের উপস্থিত থাকতে প্রচারণা চলছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টায় ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। বেলা ১১টায় সেখান থেকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে আসবেন। বেলা সাড়ে ১১টায় সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠের জনসভায় তিনি যোগ দেবেন। বেলা ১টার দিকে তিনি নীলফামারীর উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি পৌরসভার বড় মাঠে জনসভায় অংশ নিবেন। এরপর হেলিকপ্টারে যোগে দিনাজপুর জেলার বিরামপুরের উদ্দেশে রওনা হবেন। সেখানে বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নিবেন। পরে বিরামপুরে থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বেলা ১১টার দিকে জনসভা মঞ্চের প্রস্তুতি দেখতে বড় মাঠে যান। সেখানে তিনি বলেন, দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান ঠাকুরগাঁওয়ে আসছেন। এই খবরে ভোটার ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করছি। আমরা মনে করি এই জনসভা পিছিয়ে থাকা ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
মির্জা ফয়সল আমিন আরও বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে জেলায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় প্রচার চালাচ্ছেন। সমাবেশে জেলার তিনটি নির্বাচনী আসনসহ পঞ্চগড় ও দিনাজপুরের একটি আসনের প্রার্থীরা উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে নেতাকর্মীরা আসবেন।



















