বিশ্বের শীর্ষ ধনী উদ্যোক্তা ইলন মাস্ক তার ব্যবসায়িক সাম্রাজ্যকে আরও শক্তিশালী করতে একটি বিশাল পদক্ষেপ নিয়েছেন। তিনি তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স (SpaceX) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক স্টার্ট-আপ এক্সএআই (xAI) কে একত্রিত করার প্রাথমিক আলোচনা শুরু করেছেন। এই একীকরণের ফলে মাস্কের কোম্পানিগুলো একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে, যা প্রযুক্তি ও বাণিজ্যিক বাজারে নতুন আলোড়ন সৃষ্টি করতে পারে।
গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) স্পেসএক্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা এক্সএআইকে অধিগ্রহণ করেছে। যদিও আর্থিক বিশদ প্রকাশ করা হয়নি, সংযুক্ত কোম্পানির মূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার বা তার বেশি। মাস্ক জানিয়েছেন, এই একীকরণ এক্সএআই-কে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে, কারণ এটি অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় দেরিতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বৃহৎ বিনিয়োগের প্রয়োজন ছিল। এছাড়া মহাকাশে এআই ডেটা সেন্টার স্থাপনের মাস্কের উচ্চাভিলাষী পরিকল্পনা এই উদ্যোগের মূল প্রেরণা
স্পেসএক্স ও এক্সএআই-এর একীকরণের ফলে একটি বিস্তৃত কোম্পানি তৈরি হয়েছে, যার মধ্যে রয়েছে রকেট, এআই চ্যাটবট এবং সামাজিক মাধ্যম এক্স। ধারণা করা হচ্ছে, সংযুক্ত কোম্পানিটি জুন মাসের দিকে প্রাথমিক পাবলিক অফারিং (আইপিও) করতে পারে, যার মাধ্যমে মাস্ক প্রায় ৫০ বিলিয়ন ডলার তোলার পরিকল্পনা করছেন।
মাস্ক এক কর্মচারীকে দেওয়া মেমোতে লিখেছেন, “স্পেসএক্স, এক্সএআই অধিগ্রহণ করেছে, যাতে পৃথিবী ও মহাকাশে সম্পূর্ণভাবে সংযুক্ত উদ্ভাবনী ইঞ্জিন তৈরি করা যায়। এতে থাকবে এআই, রকেট, স্পেস-ভিত্তিক ইন্টারনেট, সরাসরি মোবাইল কমিউনিকেশন এবং বিশ্বের প্রধান তথ্য ও মুক্ত বক্তৃতার প্ল্যাটফর্ম।” তিনি আরও উল্লেখ করেছেন যে, মহাকাশে ডেটা সেন্টার নির্মাণ এই একীকরণের মূল প্রেরণার মধ্যে একটি।
গত বছর মাস্ক তার সামাজিক মাধ্যম এক্স ( সাবেক টুইটার) কে এক্সএআই-এর সঙ্গে যুক্ত করেছিলেন তথ্য ও কম্পিউটিং শক্তি একত্র করার জন্য। এবার স্পেসএক্সের সঙ্গে এই মিলনের মাধ্যমে লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া হলো। এর ফলে কেবল এআই প্রযুক্তি এবং মহাকাশ গবেষণার সংমিশ্রণ নয়, ব্যবসায়িক কার্যক্রমও আরও শক্তিশালী হয়েছে।

এই একীভূত করণ কেবল মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যকে শক্তিশালী করল না, বরং পৃথিবী ও মহাকাশে প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করেছে। এআই, রকেট, ইন্টারনেট এবং সামাজিক মাধ্যম একত্রিত হওয়ায় ভবিষ্যতে আরও দৃষ্টিকোণ এবং উদ্ভাবনী সম্ভাবনা খুলে যাবে।তথ্যসূত্র : দ্য নিউইয়র্ক টাইমস


















