সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্ট হ্যাক হওয়া বড় উদ্বেগের একটি বিষয়। তবে, দ্রুত ও সঠিক পদক্ষেপ নিলে অনেক ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া সম্ভব। আবার কিছু পরিস্থিতিতে পুনরুদ্ধারে সময় লাগতে পারে কয়েক দিন বা তারও বেশি।
যদি অ্যাকাউন্টে লগইন করা যায়, তাহলে প্রথমেই পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সিকিউরিটি অপশনে গিয়ে শক্তিশালী নতুন পাসওয়ার্ড সেট করার পর অ্যাকাউন্টে যুক্ত ইমেইল ও ফোন নম্বর ঠিক আছে কিনা যাচাই করতে হবে। পাশাপাশি টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করলে নিরাপত্তা আরও বাড়ে। একইসঙ্গে সব সন্দেহজনক সেশন থেকে লগআউট করতে হবে।
অ্যাকাউন্টে ঢুকতে না পারলে এক্সের সহায়তা ফর্মের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাকসেসের জন্য আবেদন করতে হয়। সেখানে ইউজারনেম, ইমেইল এবং সমস্যার বিস্তারিত বিবরণ দিতে হয়। সঠিকভাবে ফর্ম পূরণ ও ইমেইলে পাঠানো নির্দেশনা অনুসরণ করলে সাধারণত ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সাড়া পাওয়া যায়। তবে, কিছু ক্ষেত্রে পরিচয় যাচাই বা জটিলতার কারণে তিন থেকে সাতদিন কিংবা আরও বেশি সময় লাগতে পারে।
এক্স কর্তৃপক্ষ পরিচয় যাচাইয়ের জন্য সাধারণত ব্যবহারকারীর কাছ থেকে পুরোনো পাসওয়ার্ড, অ্যাকাউন্ট তৈরির আনুমানিক সময়, আগে ব্যবহৃত ডিভাইস বা লোকেশন এবং অ্যাকাউন্টে যুক্ত ইমেইল ঠিকানার মতো তথ্য জানতে চাইতে পারে।
বিশেষজ্ঞদের মতে, হ্যাক হওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট উদ্ধার করে নতুন পোস্ট দেওয়া সম্ভব তখনই, যখন ব্যবহারকারী এখনও লগইন করতে পারেন এবং কেবল পাসওয়ার্ড বদলানো হয়েছে। কিন্তু যদি হ্যাকার ইমেইল ও পাসওয়ার্ড দুটোই পরিবর্তন করে দেয়, তাহলে দ্রুত উদ্ধার হওয়ার সম্ভাবনা কমে যায়।
ভবিষ্যতে হ্যাক এড়াতে একই পাসওয়ার্ড একাধিক সাইটে ব্যবহার না করা, সন্দেহজনক লিংকে ক্লিক না করা এবং তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
এছাড়া এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে নিরাপত্তার স্বার্থে ব্যাংকিং বা ফিন্যান্সিয়াল অ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও অস্বাভাবিক কোনো কার্যক্রম হয়েছে কিনা তা যাচাই করা জরুরি।
ভবিষ্যতে হ্যাক এড়াতে একই পাসওয়ার্ড একাধিক সাইটে ব্যবহার না করা, সন্দেহজনক লিংকে ক্লিক না করা এবং তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহারে সতর্ক থাকাটাও জরুরি।