ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩, নিখোঁজ এখনও ১০

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় সংঘটিত ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। এক সপ্তাহ আগে ঘটে যাওয়া এই দুর্যোগে এখনো অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

টানা ভারী বর্ষণের ফলে রাজধানী জাকার্তার দক্ষিণ-পূর্বাঞ্চলের পাশিরলাঙ্গু গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে গ্রামটির ৫০টিরও বেশি বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ৬৫০ জন বাসিন্দা নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হন।

দুর্যোগের পর থেকেই সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় হাজারো উদ্ধারকর্মী ঘটনাস্থলে কাজ করছেন। কাদামাটির নিচে চাপা পড়া মানুষদের খুঁজে বের করতে তারা নিরবচ্ছিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন, যদিও শুরুতে প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজকে ব্যাহত করেছিল।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান দিয়ান পারমানা জানান, শনিবার পর্যন্ত ৫৩ জনের মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। এর আগে নিহতের সংখ্যা ৪৪ বলে জানানো হয়েছিল। তিনি আরও বলেন, এখনও অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন, তবে আবহাওয়া পরিষ্কার থাকায় এখন উদ্ধার কার্যক্রম কিছুটা সহজ হয়েছে।

এদিকে ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, প্রশিক্ষণরত তাদের ২৩ জন সদস্যও এই ভূমিধসের ঘটনায় আটকা পড়েছেন। পশ্চিম বান্দুং অঞ্চলে চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযান আগামী শুক্রবার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুর্যোগপ্রবণ দেশ ইন্দোনেশিয়ায় এ ধরনের ঘটনা নতুন নয়। সরকারের তথ্য অনুযায়ী, গত বছরের শেষ দিকে সুমাত্রা দ্বীপে বনভূমি ধ্বংসের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রায় ১ হাজার ২০০ জন প্রাণ হারান এবং ২ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন। সাম্প্রতিক এই ভূমিধস আবারও দেশটিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি প্রস্তুতির প্রশ্ন সামনে এনেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ