শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনার তিন দিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার দিবাগত মধ্যরাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মারজিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২৩৪ জনকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচশ জনকে আসামি করা হয়েছে।
মামলায় শেরপুর-৩ আসনের বিএনপির এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা এবং বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।
এদিকে, জামায়াত নেতা রেজাউল করিমের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে শুক্রবার বিকেলে শেরপুর জেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ সময় জামায়াত নেতারা ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন।