ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ন

সেনাবাহিনীর অভিযানে মোহাম্মদপুরে ১২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে প্রায় ১২ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও ডিজিটাল ওজন মেশিন উদ্ধার করা হয়েছে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গ্রেপ্তাররা হলেন— রাজু (৩৫), রনি (৪০), রকি (৩২), সুমন (২৮) ও মহিন (১৮)।

বুধবার (২৮ জানুয়ারি) সেনা সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শেরেবাংলা সেনা ক্যাম্প জানতে পারে, টেকনাফ থেকে ঢাকায় বিপুল পরিমাণ মাদক নিয়ে আসছে রাজু নামে এক মাদক ব্যবসায়ী।

এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত ২টা থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত মোহাম্মদপুরের টাউনহল, তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানের প্রথম ধাপে ভোরে টাউনহল রোড এলাকা থেকে রাজুকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে উদ্ধার করা হয়েছে— ১২ হাজার ৩০টি ইয়াবা ট্যাবলেট, ৭১০ পুরিয়া ও ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ২৬ হাজার ৬২৫ টাকা, ২টি ডিজিটাল ওয়েট মেশিন, ১২টি স্মার্টফোন।

গ্রেপ্তার পাঁচজন ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেপ্তাররা উদ্ধারকৃত মাদকদ্রব্য একজন শীর্ষ মাদক কারবারির কাছে সরবরাহের পরিকল্পনা করছিলেন। তবে ওই মূল হোতাকে এখনো আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ‘এই সিন্ডিকেটের বাকি সদস্যদের গ্রেপ্তারে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। রাজধানীতে মাদক ও অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ