আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হতে যাওয়া দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে বুধবার থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে নিজেদের কাজ সেরে রেখেছিল বাংলাদেশ। একই দিন সুপার সিক্সের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বৃষ্টি আইনে নেদারল্যান্ডসের ২১ রানের জয় পেলে বাংলাদেশের বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়।
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট পায় বাংলাদেশ। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়ের ৪ পয়েন্ট এবং সুপার সিক্সের প্রথম ম্যাচে পাওয়া জয়ের ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে টাইগ্রেসরা।
একই সাথে বিশ্বকাপ নিশ্চিত হয়েছে নেদারল্যান্ডসেরও। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ডাচরা।
নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬৫ রান তোলে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে থাইল্যান্ড আটকে যায় ৮ উইকেটে ১২৬ রানে। আসরে বাংলাদেশের এটি টানা পঞ্চম জয়।
সুপার সিক্সের সেরা চারটি দল সুযোগ পাবে এ বছর জুন–জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে।