বগুড়ার আঞ্চলিক সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। অকালে প্রাণ হারানো দুই শিক্ষার্থী স্থানীয় মা কেজি এন্ড হাইস্কুলে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বেলা এগারোটার দিকে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের দলগাছা-নামুইট এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। তথ্য নিশ্চিত করেন নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম।
সড়ক দুর্ঘটনায় নিহত তামিম হাসান নিহাল (১৬) উপজেলার ভরতেতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে। নিহত আরেক শিক্ষার্থী সিজানুর রহমান লিমন (১৬) সিধইল গ্রামে তার নানা বাড়িতে থেকে পড়াশোনা করছিল। সে নাটোরের বাগাতিপাড়া উপজেলার আব্দুলপুর গ্রামের লিটন আহমেদের ছেলে।
জানা গেছে, একই স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল দুই বন্ধু নিহাল ও সিজানুর। তারা দুর্ঘটনার আগে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। নন্দীগ্রাম থেকে শিমলা বাজার যাওয়ার পথিমধ্যে আঞ্চলিক সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। দলগাছা-নামুইট এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে। ঘটনার পরই ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকের বিষয়ে অনুসন্ধান চলছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



















