আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের তিন জেলায় বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করবে বিজিবি ঢাকা সেক্টরের ৫ ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নিরাপত্তা প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয়। এতে জানানো হয়, ঢাকা সেক্টরের আওতাধীন ৫ ব্যাটালিয়নের এলাকায় মোট ৩৮টি প্লাটুন মোতায়েন থাকবে।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১টি প্লাটুন দায়িত্ব পালন করবে। পাশাপাশি সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে থাকবে ৬টি প্লাটুন। ফরিদপুর জেলার চারটি আসনে মোতায়েন করা হবে ১৩টি প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে দায়িত্ব পালন করবে আরও ৮টি প্লাটুন।
নির্বাচন ঘিরে বিশেষ নিরাপত্তা জোরদারে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপন করা হবে একাধিক চেকপোস্ট। এসব স্থানে নিয়মিত তল্লাশি চালিয়ে সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে প্রস্তুত রাখা হয়েছে বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (র্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং প্রয়োজনে আকাশপথে সহায়তার জন্য হেলিকপ্টার। নির্বাচনী দায়িত্ব পালনে এবার আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) এবং উন্নত সিগন্যালিং সরঞ্জাম। সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখতে ব্যাটালিয়ন সদরে গঠন করা হয়েছে একটি মনিটরিং সেল।

বিজিবি জানিয়েছে, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজন হলে কেন্দ্রের ভেতরেও ব্যবস্থা নেওয়া যাবে। প্রিজাইডিং অফিসারের অনুরোধে অথবা সহিংসতা ও জাল ভোটের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রস্তুতিও থাকবে বাহিনীর।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন, সরকার, নির্বাচন কমিশন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।


















