বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে অংশীদারিত্বে টিকটক চালু করেছে নতুন ইন-অ্যাপ ফিচার ‘ইলেকশন সেন্টার’, যা ব্যবহারকারীদের সরাসরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও সরকারি তথ্য সহজে পৌঁছে দেবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে টিকটক কর্মকর্তারা জানান, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য, ভোট দেওয়ার নির্দেশনা ও ভুয়া খবর শনাক্ত করার সহজ উপায় পাবেন। নির্বাচনের ভিডিওতে বিশেষ ট্যাগ ব্যবহার করে সরাসরি তথ্যকেন্দ্রে যাওয়া যাবে।
টিকটক জানায়, ২০২০ সাল থেকে বিশ্বজুড়ে ২০০টিরও বেশি নির্বাচনে তারা কার্যক্রম পরিচালনা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করলে তা কঠোরভাবে বন্ধ হবে। নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দল বা ব্যক্তি কোনো বিজ্ঞাপন দিতে পারবে না; তবে সরকারি সংস্থাগুলো ভোটার সচেতনতার জন্য বিজ্ঞাপন দিতে পারবে।
ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, যাতে তথ্য সরাসরি মূল উৎস থেকে যাচাই করা সম্ভব হয়। এছাড়া, টিকটক বিশ্বজুড়ে ২০টিরও বেশি ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গে কাজ করছে নির্বাচন সংক্রান্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য।
টিকটকের এই পদক্ষেপ মূলত ভোটারদের সচেতন করা ও অপতথ্য রোধ করা লক্ষ্য করে নেয়া হয়েছে।