ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৩ জেলার মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে রাজশাহী ও গাজীপুরসহ ১৩ জেলার মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত জেলাগুলোতে আগামী ২৮ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। যেসব জেলায় মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে সেগুলো হলো— গাজীপুর, রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, যশোর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, বরিশাল, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষাসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অনলাইনে আবেদনের সময় আপলোড করা ছবি, আবেদনের কপি, জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের কাউন্সিলরের দেওয়া নাগরিকত্ব সনদের মূল কপি সঙ্গে রাখতে হবে।

এছাড়া মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গেজেট ও সম্পর্ক সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক কার্ডধারী) ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের সনদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসকের প্রদত্ত সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। জমা দেওয়ার পর প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করা বাধ্যতামূলক।

কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দেওয়ার সময় সব মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে। পাশাপাশি মৌখিক পরীক্ষার দিন প্রার্থীকে সনদপত্রের মূল কপি ও প্রাপ্তি স্বীকারপত্র সঙ্গে আনতে হবে।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ফল প্রকাশ করা হয়। এতে সারাদেশে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ