বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP) এর অধীনে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংক পিএলসি সম্প্রতি একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে দেশব্যাপী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং নতুন ব্যবসা উদ্যোগকে সহায়তা করার লক্ষ্যে একটি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর মিসেস নুরুন নাহার। বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগ (SMESPD)-এর পরিচালক জনাব নওশাদ মোস্তফা এবং এনআরবি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. শাহীন হাওলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সম্পন্ন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিসেস হুসনে আরা শিখা এবং এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব আনোয়ার উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত পরিচালক জনাব মো. নজরুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক ও যুগ্ম পরিচালক জনাব মোহাম্মদ ওয়াসিম এবং উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়ক জনাব মো. আরিফুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এনআরবি ব্যাংক এসএমই উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে প্রশিক্ষণ প্রদান করবে।
এই উদ্যোগটি আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, নতুন উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং একটি টেকসই ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতি গঠনে এনআরবি ব্যাংকের ধারাবাহিক প্রচেষ্টার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।