ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৪:১১ পূর্বাহ্ন

জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব, বিসিবির ঘোষণা

‎সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা খোলা। দল নির্বাচনের সময় তিনি নির্বাচকদের বিবেচনায় থাকবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

‎বোর্ডসভা শেষে রাতে বিসিবি পরিচালক আমজাদ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেছেন, ‘আমাদের বোর্ডে সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা করা হয়েছে। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সাকিব যদি অ্যাভেইলএবল থাকেন, ফিটনেস থাকে ও ভেন্যুতে উপস্থিত থাকার মতো পরিস্থিতি থাকে তাহলে বোর্ড বা নির্বাচক প্যানেল তাকে দলে নেয়ার জন্য বিবেচনা করবে।’

‎ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতেও সাকিবকে সব রকমের সহায়তা করবে বিসিবি। এ প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘সাকিব অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে। বোর্ড তাকে অনাপত্তিপত্র দেবে প্রয়োজন অনুযায়ী। হোম অ্যান্ড অ্যাওয়ে সব সিরিজের জন্যই নির্বাচক প্যানেলে তাকে বিবেচনা করা হবে।’

সাকিবকে কেন্দ্রীয় চুক্তিতে নেয়ারও প্রস্তাব করেছে বিসিবি। বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, ‘ ‘চুক্তিবদ্ধ ক্রিকেটারদের যখন তালিকা তৈরি হচ্ছে তখন বোর্ডের একজন পরিচালক সাকিব আল হাসান বিষয়ে প্রস্তাব তুলেছেন সভায়। কারণ গত কয়েকদিন সাকিবের ভাবনায় আসছে যে সে অবসরে যেতে চায় এবং সাকিব আল হাসানের যে অবস্থান বাংলাদেশে, মানুষদের যে ভালোবাসা তার প্রতি এবং আমাদের দায়িত্ববোধ থেকে, পাশাপাশি আমি নিজে সাকিবকে জিজ্ঞাসা করেছি। সাকিবের সাথে প্রায়ই কথা হয় আমার বাংলাদেশের ক্রিকেট নিয়ে। সে ইচ্ছা দেখানোর পর আমরা বোর্ডে আলোচনা করেছি।’

সাকিবের মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন মোট ২৭ ক্রিকেটার। এই বিষয়টিও নিশ্চিত করেছে বিসিবি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ