ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ন

নিহত র‍্যাব কর্মকর্তার জানাজা পতেঙ্গায়, উপস্থিত থাকবেন ডিজি

সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় সন্ত্রাসী গ্রেপ্তারে অভিযানকালে দুষ্কৃতিকারীদের হামলায় নিহত র‍্যাব-৭-এর নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় নগরের পতেঙ্গায় র‍্যাব-৭ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজায় র‍্যাব ফোর্সেসের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান উপস্থিত থাকবেন

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানান, ১৯ জানুয়ারি বিকেলে সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালায়। সে সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা অতর্কিত হামলা চালায়। এই হামলায় র‍্যাবের চার সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।

মোতালেব হোসেন ভূঁইয়ার মৃত্যুতে র‍্যাব ফোর্সেসসহ আইনশৃঙ্খলা বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি সাদা মাইক্রোবাসে কালো জ্যাকেট পরা র‍্যাব সদস্যরা অভিযানে যায়। পরবর্তীতে স্থানীয়দের হামলায় মাইক্রোবাসটি ফিরে আসার সময় ভাঙচুরের চিহ্ন নিয়ে ফেরে।

প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। বায়েজিদ লিংক রোড দিয়ে ভাটিয়ারি যাওয়ার পথে ডান দিকে জঙ্গল সলিমপুরের অবস্থান।

সূত্রে জানা গেছে, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে হাজারো অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় এলাকাটি পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই এলাকার দখলকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। টিলা কেটে গড়ে তোলা এই ঝুঁকিপূর্ণ বসতি ‘দুর্ভেদ্য সাম্রাজ্যে’ পরিণত হয়েছে।

এলাকাটি ঘিরে দীর্ঘদিন ধরে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী তৎপরতা চললেও বারবার প্রশাসনের অভিযান হামলার মুখে পড়ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে করে তুলেছে আরও জটিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ