ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩:৪৪ পূর্বাহ্ন

উগান্ডায় বিরোধীদলীয় নেতাকে হেলিকপ্টারে তুলে নেওয়ার অভিযোগ

উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনের পর বিরোধীদলীয় নেতা ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সেনাবাহিনী হেলিকপ্টারে তুলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই তথ্য এনইউপি (ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম) দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দলটি জানিয়েছে, ববিকে কোথায় নেওয়া হয়েছে তা এখনও নিশ্চিত নয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক মাধ্যমে এই ঘটনা জানানো হয়েছে। দেশটিতে বৃহস্পতিবার ভোট গ্রহণের পর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য সংগ্রহ করা কঠিন হয়েছে।

ববি ওয়াইন, যিনি আগে জনপ্রিয় পপ তারকা ছিলেন, বর্তমানে দেশের প্রধান বিরোধী নেতা। নির্বাচনী প্রচারে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনিকে চ্যালেঞ্জ দিয়েছেন। ভোটের পর ববি সামাজিক মাধ্যমে লিখেছেন, বৈধ ভোটারের চেয়ে অনেক বেশি ভোট গণনা করা হয়েছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। উগান্ডার সরকারি কর্তৃপক্ষ এখনও ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সেনাবাহিনী ও নিরাপত্তা এজেন্টরা ববি ওয়াইনের বাড়িতে প্রবেশ করেছেন, তবে বাস্তবে তাকে তুলে নেওয়া হয়েছে কি না তা নিশ্চিত করা যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ