ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ২:৫২ অপরাহ্ন

অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে বাধা, তিতাস গ্যাসের কর্মকর্তাদের ওপর হামলা

ঢাকা, ১৪ জানুয়ারি: রাজধানীর শনির আখড়া এলাকার পলাশপুরে উচ্চচাপের মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযানের সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।

তিতাস গ্যাস সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত একজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিতাস গ্যাসের আওতাধীন ৫ নম্বর রোড, পলাশপুর (শনির আখড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, দনিয়া টিবিএস থেকে ঢাকা শহরের সিটি সেন্ট্রাল ডিআরএসগামী ১৬ ইঞ্চি ব্যাস ও ১৫০ পিএসআইজি উচ্চচাপের মেইন গ্যাস লাইন থেকে অবৈধভাবে ২ ইঞ্চি লাইনের মাধ্যমে সংযোগ নিয়ে স্থানীয়ভাবে আবাসিক ভবনে গ্যাস ব্যবহার করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, উচ্চচাপের বিতরণ লাইন থেকে এভাবে অবৈধ সংযোগ নেওয়া অত্যন্ত বিপজ্জনক এবং যেকোনো সময় বিস্ফোরণসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও অভিযানের সময় কিছু উশৃঙ্খল ব্যক্তি জড়ো হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং উচ্ছেদ কার্যক্রমে বাধা দেয়।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তারা উপস্থিত তিতাস গ্যাসের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তিতাস গ্যাস কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মোবাইল ফোন ভাঙচুর করা হয় এবং তার মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরিস্থিতির অবনতি ঘটায় নিরাপত্তাজনিত কারণে উচ্চচাপের বিপজ্জনক অবৈধ লাইন উচ্ছেদ না করেই অভিযানে অংশ নেওয়া দলকে স্থান ত্যাগ করতে হয়।

এ অবস্থায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানমালের সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ৫ নম্বর রোড, পলাশপুর (শনির আখড়া) এলাকার বাসিন্দাদের উক্ত উচ্চচাপের ১৬ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত ২ ইঞ্চি অবৈধ লাইন থেকে গ্যাস সংযোগ গ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, এই অবৈধ ও ঝুঁকিপূর্ণ সংযোগ থেকে কোনো দুর্ঘটনা বা জানমালের ক্ষতি হলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো দায় বহন করবে না।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত উচ্চচাপের মারাত্মক ঝুঁকিপূর্ণ বিতরণ লাইনসহ এলাকার সব ধরনের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃপক্ষ স্থানীয় জনগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ