নীলফামারীর তিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তারা যোগদানের আগে জাতীয় পার্টির (লাঙ্গল) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
রোববার (১১ জানুয়ারি) রাত ৯টায় নীলফামারী পৌর মার্কেটস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ্যাসোসিয়েশন অবইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর আহবায়ক ও নীলফামারী-০২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।
যোগদানকারী তিন সাবেক জনপ্রতিনিধি হলেন, কুন্দুপুকুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী চৌধুরী, সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আসাফুদ্দৌলা খোকন, চড়াইখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন বসুনিয়া মানিক।
আনুষ্ঠানিক যোগদানের সময় সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী বলেন, বিএনপির মতো একটি বড় দলে যোগ দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর মানুষের যে আস্থা ও ভালোবাসা, তা অহংকারের মতো।
খোকন বলেন, জাতীয় পার্টি ছেড়ে কিছুদিনের জন্য এনসিপিতে ছিলাম, কিন্তু বৃহৎ দল বিএনপি হলো আমার পছন্দ। তাই এবার বিএনপিতে যোগদান করলাম।
অপরদিকে মানিক বলেন, জাতীয় পার্টি ছেড়ে অনেক আগেই চলে গিয়েছিলাম। এতদিন চুপচাপ ছিলাম। আজ বিএনপিতে যোগদান করলাম।
এ্যাব’র কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও নীলফামারী-সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, আমি তৃণমূলে গিয়ে মানুষের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, এজন্য কৃতজ্ঞ। একজন এমপি শুধু দলের নয়, সব মানুষের। সবাই মিলে নীলফামারীকে এগিয়ে নিয়ে যেতে চাই।
অনুষ্ঠানের শেষে যোগদানকারী তিন সাবেক চেয়ারম্যানকে মিষ্টিমুখ করান প্রকৌশলী তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।