ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৮:৫০ অপরাহ্ন

আইডিএলসি ফাইন্যান্স’এর নতুন চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার

দেশের শীর্ষ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স’এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদ সাত্তার। জানুয়ারি ০৮, ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রতিষ্ঠানের ৩৬০ তম পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর আগে তিনি আইডিএলসি ফাইন্যান্স’এর অন্যতম নমিনেটেড ডিরেক্টর ছিলেন।

আর্থিক খাতের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ৪০ বছরেরও বেশি সময় ধরে নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন কাজী মাহমুদ সাত্তার। ১৯৮১ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে তাঁর কর্মজীবনের শুরু, পরবর্তীতে তিনি এই প্রতিষ্ঠানের হয়ে মুম্বাই ও মেলবোর্নেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং ডিভিশনের নেতৃত্ব দেন তিনি। কাজী মাহমুদ সাত্তার দেশের প্রথম ইনভেস্টমেন্ট ব্যাংকিং আর্মের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত।

এযাবৎ দেশের দু’টি শীর্ষ কমার্শিয়াল ব্যাংক – ইস্টার্ন ব্যাংক পিএলসি ও সিটি ব্যাংক পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও’র দায়িত্ব পালন করেছেন কাজী মাহমুদ সাত্তার। এছাড়াও তিনি ব্র্যাক ব্যাংক পিএলসি’র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ও বোর্ড এক্সিকিউটিভ কমিটি’র চেয়ারম্যান, বিকাশ লিমিটেড’এর ডিরেক্টর, এবং আইপিডিসি ফাইন্যান্স’এর চেয়ারম্যান পদে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বর্তমানে তিনি আরএসএ অ্যাডভাইজরি লিমিটেড, আরএসএ সল্যুশন লিমিটেড ও ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড’এর চেয়ারম্যান ও ডিরেক্টর হিসেবে নিযুক্ত রয়েছেন। এছাড়াও তিনি আরএসএ এভিয়েশন লিমিটেড এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড’এর নমিনেটেড ডিরেক্টর।

কাজী মাহমুদ সাত্তারকে বাংলাদেশের ব্যাংকিং খাতের সমৃদ্ধির পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত, কর্পোরেট ব্যাংকিং ও ট্রেজারি অপারেশনসে তাঁর দক্ষতা সর্বজন প্রশংসিত। তিনি দেশীয় ব্যাংকগুলোর কার্যধারা আধুনিকায়ন, এবং স্থানীয় পরিচালনা রীতিনীতির সাথে আন্তর্জাতিক রীতির সফল সমন্বয়সাধনের মাধ্যমে তাঁর দূরদর্শী নেতৃত্ব গুণের পরিচয় দেন। এই খাতে আধুনিক ও উন্নততর প্রযুক্তিগত অবকাঠামো গঠনেও তাঁর ভূমিকা রয়েছে।
“চেয়ারম্যান হিসেবে কাজী মাহমুদ সাত্তারকে পেয়ে আমরা গর্বিত ও আনন্দিত”, বলেন আইডিএলসি ফাইন্যান্স’এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন। “দেশীয় ও আন্তর্জাতিক অর্থবাজারে তাঁর দীর্ঘদিনের কার্য অভিজ্ঞতা রয়েছে। ইতোপূর্বে একাধিক প্রতিষ্ঠানকে সফলভাবে পরিচালনার মাধ্যমে তিনি আইডিএলসি পরিচালনা পর্ষদের গভীর আস্থা অর্জন করে নিয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী, কাজী মাহমুদ সাত্তারের নেতৃত্বে আইডিএলসি উদ্ভাবনী ও সমৃদ্ধির পরবর্তী ধাপে প্রবেশ করবে”।

-শেষ- আইডিএলসি ফাইন্যান্স পিএলসি প্রসঙ্গে
বাংলাদেশের সর্ববৃহৎ মাল্টি-প্রোডাক্ট, মাল্টি-সেগমেন্ট নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। ১৭ শ’রও বেশি কর্মীবাহিনী নিয়ে আইডিএলসি দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই), কনজ্যুমার, এবং কর্পোরেট খাতে বিস্তৃত পরিসরে আর্থিক সেবা প্রদান করে যাচ্ছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটি মূলধন বাজার ও সম্পদ ব্যবস্থাপনা সেবার ক্ষেত্রেও বাজারে নির্ভরযোগ্য ভূমিকা করছে। আইডিএলসি টানা ১৩ বছর ধরে ‘ট্রিপল-এ’ (এএএ) ক্রেডিট রেটিং ধরে রেখেছে, যা প্রতিষ্ঠানটির সুদক্ষ আর্থিক ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণ সক্ষমতার পরিচয় দেয়। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি পূর্ববর্তী বছরের তুলনায় এককভাবে (স্ট্যান্ডালোন) ৫৩% লাভের প্রবৃদ্ধি অর্জন করেছে, এবং এর কর পরবর্তী সমন্বিত নিট মুনাফা ২০০ কোটির অঙ্ক ছাড়িয়েছে। ডিজিটাল উদ্ভাবন, পরিবেশবান্ধব অর্থায়ন, এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে দায়িত্বশীল চর্চা ও দৃঢ় প্রতিশ্রুতির ধারাবাহিকতায় বিগত বছরগুলোতে নানা খ্যাতনামা স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা, যেমন ব্লুমবার্গ, এশিয়ামানি, সাফা, আইসিএবি, আইসিএমএবি প্রভৃতির স্বীকৃতি অর্জন করেছে আইডিএলসি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ