ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রনেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন।

সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী। তিনি জানান, সফরসংক্রান্ত সব প্রস্তুতি ঠিক থাকলে নির্ধারিত দিনেই তারেক রহমান কক্সবাজারে পৌঁছাবেন।

আকতার উদ্দিন চৌধুরী আরও বলেন, সফরের মূল উদ্দেশ্য হলো জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ওয়াসিম আকরামের প্রতি শ্রদ্ধা জানানো। এ উপলক্ষে তারেক রহমান সরাসরি পেকুয়ায় গিয়ে তার কবর জিয়ারত করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। ওইদিন বিকেল আনুমানিক ৩টার দিকে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ওয়াসিম আকরাম।

ওয়াসিম আকরাম ছিলেন চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নগরীর চকবাজার এলাকায় একটি মেসে বসবাস করতেন। ছাত্ররাজনীতিতে সক্রিয় এই তরুণ নেতা চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানে ওয়াসিম আকরামের মৃত্যুকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ হিসেবে তার নাম এখনও রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ