ভারতের উগ্রবাদী গোষ্ঠির কাছে নতি স্বীকার করে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর প্রভাব পড়তে শুরু করেছে দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বাংলাদেশের পেসারকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পাশাপাশি তাকে নিয়ে করা সব পোস্ট মুছে দেওয়ার পর মাত্র এক দিনেই ১০ লাখেরও বেশি ফলোয়ার হারিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি।
২৪ ঘণ্টা আগেও ফেসবুকে কেকেআরের অনুসারী ছিল ১ কোটি ৮১ লাখ ১০ হাজারেরও বেশি। গণহারে ‘আনফলো’ করার জোয়ারে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা নেমে দাঁড়িয়েছে ১ কোটি ৭০ লাখে। অর্থাৎ ১ মিলিয়ন মানুষ কেকেআরের পেজ ত্যাগ করেছেন।
সাকিব আল হাসান, লিটন দাস, মাশরাফি বিন মুর্তজাদের খেলা ছাড়াও বাংলা-ভাষাভাষির কারণে কেকেআরের প্রতি আলাদা সমর্থন ছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। যে কারণে বাংলাদেশে কেকেআর ছিল অন্যতম জনপ্রিয় দল। ৯ কোটি ২০ লাখ রুপিতে এবার মোস্তাফিজকে দলে নেওয়ায় সেই আগ্রহ আরও বেড়েছিল। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে তাকে বাদ দেওয়ার পর সেই ভালোবাসা ক্ষোভে রূপ নেয়।
একই ঘটনায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
ঘটনা কেবল এখানেই থেমে থাকেনি। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার রেশ গিয়ে পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। বিসিবি এরই মধ্যে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য দেশে নেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছে।
জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বিসিবির এই আবেদনে আইসিসি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। বিষয়টি তারা একদম নাকচ করে দেয়নি এবং এক-দুই দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ‘সি’ গ্রুপে রয়েছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা ছিল।