নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন। সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা কিছু বিতর্কিত নির্বাহী আদেশ বাতিল করে তিনি শহরের প্রশাসনে নতুন সূচনা করেছেন। তার মধ্যে রয়েছে ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল এবং ইসরায়েল বয়কট সম্পর্কিত বিধিনিষেধ তুলে নেওয়া।
এই পদক্ষেপের পরই ইসরায়েল কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মামদানির কাজকে ‘ইহুদিবিদ্বেষের আগুনে ঘি ঢালার সমান’ বলে অভিহিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তারা জানিয়েছে, নবনির্বাচিত মেয়রের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ইহুদিবিদ্বেষ বিরোধী নীতির বিরুদ্ধে যাচ্ছে এবং নেতৃস্থানীয় ইহুদি সম্প্রদায়ের প্রতি ক্ষতিকর বার্তা পাঠাচ্ছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মেয়র অ্যাডামস ২০২৪ সালে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর বেশ কিছু বিতর্কিত নির্বাহী আদেশ জারি করেছিলেন। এর মধ্যে ছিল ইহুদিবিদ্বেষের সংজ্ঞা গ্রহণ, যা ইসরায়েল সমালোচনাকেও আধুনিক ইহুদিবিদ্বেষের অংশ হিসেবে ধরা হতো। মামদানি এই সংজ্ঞাটি বাতিল করেছেন।
মামদানি সাবেক মেয়রের একটি আদেশও বাতিল করেছেন, যেখানে সিটি কর্মকর্তাদের ইসরায়েল বয়কট বা বিডিএস আন্দোলনের পক্ষে কাজ করা নিষিদ্ধ ছিল। এছাড়া উপাসনালয়ের পাশে বিক্ষোভ নিয়ন্ত্রণ সম্পর্কিত অ্যাডামসের নির্দেশনাও বাতিল করা হয়েছে। তার এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিক্রিয়া এসেছে
মেয়র মামদানির কার্যালয় জানিয়েছে, এই পদক্ষেপ ‘নতুন শুরু’ নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। মামদানি নিজে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার। তিনি নবনির্বাচনী ভাষণে ইহুদি নিউইয়র্কবাসীকে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, “আমার মতো একজন মুসলিম আর কোথায় বেগেল ও লক্স খেয়ে বড় হওয়ার সুযোগ পেত?”

মামদানি এও স্পষ্ট করেছেন, অনেক আদেশ বাতিল হলেও ‘অফিস টু কমব্যাট অ্যান্টিসেমিটিজম’ (ইহুদিবিদ্বেষবিরোধী দফতর) সচল রাখা হবে। তিনি বলেন, “ইহুদিবিদ্বেষ এমন একটি সমস্যা, যা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।”
জোহরান মামদানি নিউইয়র্কের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। তার মা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার এবং বাবা রাষ্ট্রবিজ্ঞানী মাহমুদ মামদানি। দায়িত্ব নেওয়ার সময় তিনি পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেন এবং তার শপথ পড়ান প্রবীণ ইহুদি নেতা ও সিনেটর বার্নি স্যান্ডার্স। তথ্যসূত্র : নিউ ইয়র্ক টাইমস, পলিটিকো, টাইমস অব ইসরায়েল


















