রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় সব ধরনের ড্রোন উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞা অমান্য করে অনুমোদনহীনভাবে ড্রোন উড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ।
এ বিষয়ে সর্বসাধারণের সহযোগিতা কামনা করে ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে।