হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের বকেয়া পরিশোধ না করার অভিযোগে দায়ের করা মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসির দুই কর্মকর্তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত এ সংক্রান্ত মামলার শুনানি শেষে এক কোরিয়ান ও এক বাংলাদেশি নাগরিকের জামিন বাতিল করে তাঁদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
কারাগারে পাঠানো দুই ব্যক্তি হলেন- কোরিয়ান নাগরিক হিসক কিম এবং বাংলাদেশি নাগরিক মো. সায়েম চৌধুরী। এ ছাড়া মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত হয়ে পলাতক রয়েছেন আরও তিন কোরিয়ান নাগরিক। তাঁরা হলেন কিউংজু কাং, ইর্য়কওয়ান চোই ও জুয়োক ইয়াং।
মামলার নথি থেকে জানা যায়, প্লিয়াডিস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জুবায়ের আখতার চৌধুরী আদালতে এ মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের আওতায় টার্মিনাল-৩, মাল্টি-লেভেল কার পার্কিং (এমএলসিপি), এক্সপোর্ট ও ইম্পোর্ট কার্গো টার্মিনালসহ আইপিপি, আইপিআর, জেনারেটর হাউস, এসটিপি, ডব্লিউএসএস, পিডব্লিউটিপি, এজিএস, আরএফএফএস সাবস্টেশন এবং মূল ভবনের বিভিন্ন নির্মাণকাজ প্লিয়াডিস কনস্ট্রাকশন সম্পন্ন করে।
‘মনে হয়েছিল ক্রিকেট আমার সবকিছু কেড়ে নিয়েছে’’মনে হয়েছিল ক্রিকেট আমার সবকিছু কেড়ে নিয়েছে’
মামলায় আরও উল্লেখ করা হয়, চুক্তির বাইরে অতিরিক্ত কাজ করানো হলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি সেই কাজের প্রায় ৯০ কোটি টাকা পরিশোধ করেনি। পাওনা আদায়ে একাধিকবার যোগাযোগ ও দাবি জানানো সত্ত্বেও অর্থ না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতের আশ্রয় নিতে বাধ্য হন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক।