ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন

নির্বাচন সামনে রেখে টকশোতে শালীনতা বজায় রাখার নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টেলিভিশন টকশো ও নির্বাচনি সংলাপে শালীনতা বজায় রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা ব্যক্তির বিরুদ্ধে কটূক্তি, হেয়প্রতিপন্ন করা কিংবা ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য প্রচার না করতে টেলিভিশন চ্যানেলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (১৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসি বলেছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য একটি ইতিবাচক ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ অত্যন্ত জরুরি। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তথ্য প্রচারের মাধ্যমে এই পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো ও নির্বাচনি সংলাপে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে কমিশন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ এর বিধি ২৫ অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধিরা টেলিভিশন চ্যানেল আয়োজিত নির্বাচনি সংলাপে অংশ নিতে পারবেন। তবে সেখানে কোনো ব্যক্তি বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

নির্বাচন কমিশন জানায়, সরকারি ও বেসরকারি সব টেলিভিশন চ্যানেলে নির্বাচনি সংলাপ বা এ ধরনের অন্যান্য অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে যেন সব প্রার্থী সমান সুযোগ পান এবং কোনো দল বা প্রার্থীকে হেয় করে বক্তব্য বা কটূক্তি প্রচার না হয়—সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা ও ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ