ঢাকার কেরাণীগঞ্জে একটি ১২তলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বাবু বাজার এলাকার জমেলা টাওয়ারের নিচতলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর মাত্র ৮ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর কেরাণীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজারসহ বিভিন্ন ফায়ার স্টেশন থেকে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান সিকদার জামান গণমাধ্যমকে জানান, ভবনটির নিচতলায় দোকানপাট রয়েছে, আর উপরের অংশ আবাসিক হিসেবে ব্যবহৃত হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্তের মাধ্যমে ঘটনার কারণ নির্ণয় করা হবে।