ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

পুলিশ-সাংবাদিক একে অপরের পরিপূরক : এসপি শামসুল আলম

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন টাঙ্গাইলের নবাগত এসপি মোহাম্মদ শামসুল আলম সরকার। ছবি : কালবেলা
টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শামসুল আলম সরকার বলেছেন, পুলিশ-সাংবাদিক একে অপরের পরিপূরক। আমরা সবাই মিলে টাঙ্গাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখব। সামনে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। এ গণভোটের মাধ্যমে জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, এ নির্বাচনকে কেন্দ্র করে ৬৪ জেলায় পুলিশ সুপার পদায়ন করা হয়েছে, আমিও তারই অংশ হিসেবে টাঙ্গাইলে যোগদান করেছি। আমাদের মূল লক্ষ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। বিগত নির্বাচন যেভাবে হয়েছে তা যেন না হয়। এবার ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।

তিনি আরও বলেন, এটা নিশ্চিত করার জন্য আমাদের পুলিশ বাহিনীর পক্ষে যা যা করণীয় তা করা হবে। একই সঙ্গে আমাদের যে স্বাভাবিক কার্যক্রম রয়েছে, সেগুলো সুষ্ঠুভাবে পালন করব। এক্ষেত্রে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চাই।

মতবিনিময় সভায় বক্তব্য দেন— টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, উত্তর টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

সভায় জেলার সাংবাদিকদের তিনটি সংগঠনের শতাধিক গণমাধ্যমকর্মীর সঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার পরিচিত হন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ