ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারার ক্ষমতার ব্যবহার করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় সুপ্রীম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সম্মুখের এলাকা অন্তর্ভুক্ত।
ডিএমপি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ না করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।