সম্প্রতি বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত আট আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এতে বিনিয়োগকারীদের মাঝে দেখা দিয়েছে হতাশা। বাজারেও পড়ছে এই সিদ্ধান্তের প্রভাব।
তবে এসব প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র ও নির্বাহী পরিচালক আবুল কালাম। গণমাধ্যমে তিনি বলেন, “তালিকাভুক্ত প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আমরা এখনো অবহিত নই।”
শুধু বিএসইসিই নয়, আট আর্থিক প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জানে না দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জও (ডিএসই)। ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান গণমাধ্যমে জানান, বাংলাদেশ ব্যাংক কিংবা বিএসইসি—কোনো পক্ষ থেকেই কোনো তথ্য ডিএসইকে জানানো হয়নি।
এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বিএসইসি ও ডিএসই না জানায় বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে ধোঁয়াশা।
জানা গেছে, গত ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় মোট নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এর মধ্যে আটটি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত।
প্রতিষ্ঠানগুলো হলো—পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স।
বিশ্লেষকরা বলছেন, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকা জরুরি। কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় এ ধরনের সমন্বয়হীনতা লক্ষ্য করা যায়।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)-এর সভাপতি সাইফুল ইসলাম বলেন, “তালিকাভুক্ত কোম্পানি বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক—এটা ভুল কি ঠিক সেটা নয়; কিন্তু বিএসইসি না জানাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাঁচ ব্যাংকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এ ধরনের সিদ্ধান্তে নিয়ন্ত্রকদের একসঙ্গে কাজ করা উচিত।”
বিএসইসির মুখপাত্র আবুল কালাম বলেন, “এ ধরনের প্রাইস-সেনসিটিভ ইনফরমেশন বিনিয়োগকারীকে জানানো বাধ্যতামূলক। লিস্টিং রেগুলেশন ও সিকিউরিটিজ আইন অনুযায়ী বিনিয়োগকারীর এ তথ্য জানার অধিকার রয়েছে।”
তালিকাভুক্ত আটসহ মোট নয়টি প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “এ বিষয়ে আলোচনা হয়েছে, তবে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারছি না। দুই-এক দিনের মধ্যে জানানো হবে।”