বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল টিম তার শারীরিক অবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে।
শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে বিএনপির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজে একটি পোস্টের মাধ্যমে তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জানানো হয়।
সেখানে দায়িত্বশীলতার সঙ্গে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার অনুরোধ জানানো হয় দলের পক্ষ থেকে।
দলটি দেশবাসীর উদ্দেশে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছে।

রাতেই হাসপাতালের বাইরে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. মঈন খান।
তিনি জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান অবস্থা পর্যালোচনা করেছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।
স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস জানান, খালেদা জিয়া চেতনায় থাকলেও তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়।
তিনি বলেন, “আমরা দূরত্ব বজায় রেখে কথা বলেছি। ম্যাডাম আমাদের চিনতে পেরেছেন এবং সালামের জবাব দিয়েছেন। তিনি পুরোপুরি ভালো নন, তবে সুস্থতার সম্ভাবনা রয়েছে, ইনশা আল্লাহ।”
পরিবার ও দলের পক্ষ থেকে হাসপাতাল এলাকায় অতিরিক্ত ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে, যাতে চিকিৎসার পরিবেশ ব্যাহত না হয়।
এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি উদ্বেগ প্রকাশ করেন।


















