ভারতে পলাতক সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। আদালতের অনুমতিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ টিম লকার দুটি খুলে এসব স্বর্ণালংকার জব্দ করে।
আদালতের অনুমতি নিয়ে এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার খোলা হলো
সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা রাতে গণমাধ্যমকে বলেন, “শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা ৭৫১ এবং ৭৫৩ নম্বর ভল্ট বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। ভল্ট দুটি থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালংকারে সন্ধান পাওয়া যায়।”
তিনি আরও জানান, স্বর্ণের বাইরে সেখানে আর কী ধরনের সামগ্রী রয়েছে, তা তালিকা প্রস্তুত শেষে জানা যাবে।
অন্যদিকে, একই দিনে শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখায় থাকা আরেকটি ভল্টও খোলা হয়। তবে সিআইসির ওই কর্মকর্তা জানিয়েছেন, সেখান থেকে কোনো স্বর্ণালংকার বা মূল্যবান সামগ্রী পাওয়া যায়নি।