ঢাকা স্টক এক্সচেঞ্জ সবসময়ই বিনিয়োগকারীদের ফান্ডামেন্টাল বুঝে বিনিয়োগ করার আহ্বান জানায়। কোম্পানির আর্থিক অবস্থা বিবেচনায় বিনিয়োগ করলে বিনিয়োগকারী লাভবান হতে পারেন। এজন্য কোম্পানির ইপিএস, এনএভি, পিই রেশিও, উদ্যোক্তাদের ব্যাকগ্রাউন্ড-এসব বিষয় যাচাই করা অত্যাবশ্যক। কোম্পানির সার্বিক বিষয়াদি বিস্তারিত পর্যালোচনাই হওয়া উচিত বিনিয়োগের মূলনীতি।
ডিএসই ট্রেনিং একাডেমী কর্তৃক আয়োজিত ৪ দিন ব্যাপী (১৬ নভেম্বর -২৫ নভেম্বর, ২০২৫ তারিখ) “Fundamental Analysis, Investment Techniques & Tools” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী দিনে ২৫ নভেম্বর, ২০২৫ তারিখে ডিএসই’র পরিচালক অধ্যাপক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অবঃ) এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক ও স্থানীয় অর্থনৈতিক প্রেক্ষাপটে সঠিক তথ্য–বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সুদৃঢ় বিনিয়োগ কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষিত ও সচেতন বিনিয়োগকারীরা সবসময় যাচাই-বাছাই করে ভালো মৌলভিত্তিসম্পন্ন (ফান্ডামেন্টাল) শেয়ারে বিনিয়োগ করেন। অন্যদিকে অনেক বিনিয়োগকারী যথাযথ ধারণা না থাকা সত্ত্বেও হুজুগ বা গুজবের ভিত্তিতে বিনিয়োগ করে ক্ষতির সম্মুখীন হন, যা ব্যক্তিগতভাবে তাদের জন্য এবং সামগ্রিকভাবে পুঁজিবাজারের জন্যও ক্ষতিকর। পুঁজিবাজারে সফলভাবে বিনিয়োগের জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিনিয়োগ কৌশল ও প্রয়োজনীয় সরঞ্জামও সমানভাবে জরুরি—এগুলো পরস্পর সম্পর্কিত এবং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করে।
আমরা বিশ্বাস করি, সচেতন বিনিয়োগকারীই বাজার উন্নয়নের ভিত্তি। তাই গুজবকে উপেক্ষা করে ঝুঁকি নিয়ন্ত্রণের মাধ্যমে ভালো মুনাফা অর্জনের জন্য কোম্পানির আর্থিক অবস্থা ও মৌলিক শক্তিমত্তা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। এ বিষয়ে জানার সর্বোত্তম মাধ্যম হলো কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ। পুঁজিবাজার আবেগের স্থান নয়—এখানে হিসাব-নিকাশ, তথ্য ও যৌক্তিক বিশ্লেষণের ওপর ভিত্তি করেই বিনিয়োগ করতে হয়। কোনো কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে নিজের বিচার-বিবেচনা ও বুদ্ধিমত্তাকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ডিএসই’র টেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড -এর হেড অব ওয়েলথ এন্ড অ্যাডভাইসারি বিসনেস মোঃ সাকিব চৌধুরী, সিএফএ।
৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ম্যাক্রো এনালাইসিস, ম্যাক্রো-ইকোনমিক ফ্রেমওয়ার্ক এন্ড ইন্ডাস্ট্রি এনালাইসিস, কোম্পানি এনালাইসিস এবং ভালুয়েশন ফান্ডামেন্টালস-মেথডস উপর প্রশিক্ষণ প্রদান করেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এর হেড রিসার্চ এন্ড ডিস্ক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট মোঃ হাসিব রেজা, সিএফএ, শান্তা সিকিউরিটিজ লিমিটেড এর হেড রিসার্চ এন্ড স্ট্রাটেজিক প্ল্যানিং এস এম গালিবুর রহমান, সিএফএ, আইডিএলসিসিকিউরিটিজ লিমিটেড এর হেড অব ইকুইটি রিসার্চ তনয় কুমার রয়, সিএফএ এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড -এর হেড অব ওয়েলথ এন্ড অ্যাডভাইসারি বিসনেস মোঃ সাকিব চৌধুরী, সিএফএ।
বিজনেস আই/