স্থানীয় সময় রোববার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস-এর সঙ্গে বৈঠক করেন
লি ছিয়াং বলেন, চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট শি জিনপিং ও চ্যান্সেলরের মধ্যে টেলিফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়। চীন জার্মানির সঙ্গে কৌশলগত যোগাযোগ আরও জোরদার করতে আগ্রহী, একে-অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগকে সম্মান জানাতে অঙ্গীকারবদ্ধ, দুই দেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি আরও মজবুত করা এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্তঃসার আরও সমৃদ্ধ করতে চায়।
তিনি আশা প্রকাশ করেন, জার্মানি ইউরোপীয় ইউনিয়নকে চীনের প্রতি অংশীদারিত্বের অবস্থান ধরে রাখতে এবং চীনের সঙ্গে সহযোগিতা বাড়াতে কাজ করবে। চীন জার্মানির সঙ্গে বহুপাক্ষিক সমন্বয় জোরদার করতে, বৈশ্বিক প্রশাসন ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত করতে, বহুপাক্ষিকতা ও অবাধ বাণিজ্য রক্ষা করতে এবং শান্তি ও উন্নয়নের জন্য গঠনমূলক ও স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করতে ইচ্ছুক।
মের্ৎস বলেন, জার্মানি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়। তিনি বিশ্বাস করেন, চীনের ‘পঞ্চাদশ পাঁচসালা পরিকল্পনা’ জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের জন্য নতুন সুযোগ বয়ে আনবে। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করা, বহুপাক্ষিক বিষয়ে যোগাযোগ বাড়ানো, অবাধ বাণিজ্য রক্ষা করা এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীল উন্নয়নকে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেন।