নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতের দিকে বন্দর উপজেলার মদনগঞ্জে ওই কারখানায় বিস্ফোরণ ঘটে।
দগ্ধরা হলেন—ফেনীর নাহিদ হাসান (২২), পাবনার কামাল হোসেন (৪৫), নোয়াখালীর তাইজুল ইসলাম (৩৫), জামালপুরের ফেরদৌস (৩৫), কুষ্টিয়ার তোরাব আলী (৫৫) এবং নারায়ণগঞ্জের আতিকুর রহমান (৪২)।
মো. রহিম জানান, রাত ৭টার দিকে কারখানার বয়লার থেকে বিস্ফোরণ হলে তারা দগ্ধ হন এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে আনা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে নাহিদ হাসান ৪০ শতাংশ, কামাল হোসেন ২৬ শতাংশ, তাইজুল ইসলাম ১২ শতাংশ, ফেরদৌস ১০ শতাংশ, তোরাব আলী ১৬ শতাংশ এবং আতিকুর রহমান ২৭ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বয়লার রুমে চুল্লিতে কয়লা দেওয়ার সময় উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজন শ্রমিকের গায়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, দুর্ঘটনায় ছয় জন দগ্ধ হয়েছেন এবং তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।