ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

২৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে ২৪ জনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কাথুলী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১৩২/৩ এসের শূন্যরেখা থেকে ১০ গজ ভারতের অভ্যন্তরে টেইপুর নামক স্থানে তাদের হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্র জানায়, ২৪ জনের মধ্যে পাঁচ নারী, ১৫ পুরুষ ও চার শিশু রয়েছেন। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছিলেন। ভারতে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরে ভারতের পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের পর আজ তাদের হস্তান্তর করেছে। সবাইকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

পতাকা বৈঠকে নেতৃত্ব দেন কাথুলী বিজিবির পক্ষ থেকে কোম্পানির দপ্তর কমান্ডার নায়েক সুবেদার মো. কামরুজ্জামান ও ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের টেইপুর কোম্পানি সদরদপ্তরের কমান্ডার এসি অনুজ কুমার।

গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, বিজিবি ২৪ বাংলাদেশিকে থানায় হস্তান্তর করেছে। নাগরিকত্ব যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ