ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৬:৪১ অপরাহ্ন

চীনা নাগরিকদের জাপান ভ্রমণে সতর্ক থাকার আহ্বান

চীনা নাগরিকদের আপাতত জাপান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে বেইজিং। দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, জাপানি প্রধানমন্ত্রীর উসকানিমূলক মন্তব্য দুই দেশের পারস্পরিক সম্পর্কের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। তাইওয়ান ইস্যুতে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা উল্লেখের পর চীনা নাগরিকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। তাই জাপানে থাকা চীনা নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চীনের বিবৃতিতে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে জাপানের সংসদে প্রধানমন্ত্রী তাকাইচি মন্তব্য করেন, যে কোনও সামরিক জরুরি অবস্থায় জাপানকে হস্তক্ষেপ করতে হতে পারে, যদি তাইওয়ানকে কেন্দ্র করে পরিস্থিতি জাপানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এই মন্তব্যের ফলে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

এমন পরিস্থিতিতে চীনা দূতাবাস শুক্রবার রাতেই জাপানে থাকা নাগরিকদের সতর্ক করে উইচ্যাট অ্যাকাউন্টে একটি পোস্ট প্রকাশ করে। এতে বলা হয়েছে, জাপানের নেতাদের উসকানিমূলক বক্তব্যের কারণে চীনা নাগরিকদের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।

চীনা কর্তৃপক্ষের এই সতর্কতার প্রেক্ষিতে জাপান থেকে চীন থেকে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জাপানে চীনা পর্যটকদের সংখ্যা ৭৪ লাখ ৮০ হাজারের বেশি ছিল, যা সব দেশের মধ্যে সর্বোচ্চ। এছাড়া দুই দেশের শিক্ষাবিনিময়, ব্যবসা ও সাংস্কৃতিক কর্মসূচিতেও প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার উভয় দেশই একে অপরের রাষ্ট্রদূতকে তলব করে পারস্পরিক অবস্থান সম্পর্কে জানায়। এই উত্তেজনা দুই দেশের সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তথ্যসূত্র : আল-জাজিরা, এনএইচকে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ