রাজধানীর বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালকুঠির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, “নৌকাডুবির পর সবাইকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে নিরাপদে রয়েছেন।”
ওসি সোহাগ রানা আরও বলেন, “নৌকায় ১০–১৫ জন শিক্ষার্থী ছিলেন। লঞ্চের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তারা সবাই নদীতে লাফ দেন। পরে তাদের উদ্ধার করা হয়।”
জানা গেছে, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রায় ১৫ জন শিক্ষার্থী নৌকা নিয়ে রাতের বেলায় বুড়িগঙ্গায় ঘুরতে বের হন। লালকুঠির ঘাট এলাকায় একটি লঞ্চের ধাক্কা লাগার পর তাদের নৌকাটি ডুবে যায়। ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা উদ্ধার কাজে প্রস্তুত থাকলেও শিক্ষার্থীদের আগে থেকেই নিরাপদে আনা হয়েছে।



















