ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

আজ থেকে ৫ ব্যাংকের লেনদেন বন্ধ পুঁজিবাজারে

পুঁজিবাজারে তালিকাভুক্ত একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচটি বেসরকারি শরিয়াহভিত্তিক ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেল পুঁজিবাজারে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে অনিদৃষ্টকালের জন্য ব্যাংকগুলোর লেনদেন বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক পরবর্তী নির্দেশনা না দেওয়া পরযন্ত ব্যাংকগুলোর লেনদেন বন্ধ থাকবে। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংককে নন-ভাইবল (অকার‌যকর) ঘোষণা করেছে। ব্যাংকগুলোর পর্ষদ বিলুপ্ত করা হয়েছে।

একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংক— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

এর আগে গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ব্যাংকগুলো একীভূতকরণের প্রস্তাব অনুমোদন করে।

এই একীভূতকরণের মাধ্যমে একটি নতুন শরিয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ বা ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। এটি পেশাদারিভাবে এবং সম্পূর্ণ বাণিজ্যিক নীতিতে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা, আর পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা সরকার প্রদান করবে—১০ হাজার কোটি নগদে এবং বাকি ১০ হাজার কোটি টাকা সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে তোলা হবে।সুকুক হলো শরিয়াহভিত্তিক বন্ড, যা সুদভিত্তিক বন্ডের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

এছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার আমানত বেইল-ইন প্রক্রিয়ায় শেয়ারে রূপান্তর করা হবে। পরবর্তীতে রেজল্যুশন পরিকল্পনা অনুযায়ী এই শেয়ারগুলো ফেরত দেওয়া হবে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়, একীভূত প্রক্রিয়ার ফলে কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারী তার আমানত হারাবেন না।

প্রাথমিকভাবে নতুন ব্যাংকটি রাষ্ট্রমালিকানাধীন থাকবে। পরবর্তীতে ধাপে ধাপে এর মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করা হবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ