আগামী ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক— এমন দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৫ নভেম্বর) বিকেলে দলটির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) সাক্ষাৎ করে এই অবস্থান জানায়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, “গণভোট নভেম্বর থেকে কিছুটা পিছিয়ে গেলেও তাতে অসুবিধা নেই। নির্বাচনের আগে হয়ে গেলেই যথেষ্ট। আমরা ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই নির্বাচন চাই।”
পোস্টাল ব্যালট প্রসঙ্গে হামিদুর রহমান বলেন, “ভোটার রেজিস্ট্রেশন আর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার রেজিস্ট্রেশন এক নয়। যারা ভোটার হিসেবে নিবন্ধিত, তারাই ভোট দিতে পারবেন— এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।”
জোট রাজনীতি ও আসন বণ্টন প্রসঙ্গে তিনি জানান, এখনো জোট গঠন বা আসন বণ্টন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এনসিপি বা অন্য কোনো দলের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়নি।
গণভোট প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, জুলাই সনদ গণভোটের মাধ্যমে আরও শক্তিশালী হবে, তাই দলটি চায় যত দ্রুত সম্ভব জুলাই সনদে অধ্যাদেশ নয়, বরং আনুষ্ঠানিক আদেশ জারি করা হোক।