চলতি নভেম্বর মাসের প্রথম চার দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে গতি ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রাথমিক হিসাব অনুযায়ী, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ৪৬১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।
গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৯৫ মিলিয়ন ডলার, যা তুলনামূলকভাবে ৫৬ দশমিক ৬ শতাংশ বেশি প্রবৃদ্ধি নির্দেশ করে। শুধু ৪ নভেম্বরেই দেশে এসেছে ১৩১ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের (জুলাই–৪ নভেম্বর) মধ্যে মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১০ দশমিক ৬১ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই–৪ নভেম্বর ২০২৪) এই পরিমাণ ছিল ৯ দশমিক ২৩ বিলিয়ন ডলার— অর্থাৎ বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বৈধ চ্যানেল ব্যবহারে উৎসাহ প্রদান, রেমিট্যান্সে ২.৫ শতাংশ প্রণোদনা অব্যাহত রাখা এবং হুন্ডি প্রতিরোধে কঠোর তদারকি— এই কারণগুলোর ফলে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ।
অর্থনীতিবিদদের মতে, এই ইতিবাচক ধারা বজায় থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়ক হবে এবং চলতি অর্থবছরে দেশের সামষ্টিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।



















