চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে নগরের পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ঘটনাটি নিশ্চিত করেছে। জানানো হয়, গণসংযোগ চলাকালে অজ্ঞাত হামলাকারীরা এরশাদ উল্লাহর ওপর হামলা চালায় এবং তাঁর পায়ে গুলি করে। পরে দলীয় নেতাকর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় ছিলেন। এসময় দুর্বৃত্তরা এসে গুলি চালায়, এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। তিনি বলেন, “কেন এই ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়, তদন্ত চলছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সরওয়ার বাবলা নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালালে পাশে থাকা এরশাদ উল্লাহসহ আরও দুইজন আহত হন। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।



















