দীর্ঘ ১৮ বছর হয়ে গেল পাকিস্তানের মাটি থেকে ওয়ানডে সিরিজ জিতে ফিরতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দেড় যুগের সেই অপেক্ষা শেষ করার আরেকটি মিশন শুরু করতে যাচ্ছে প্রোটিয়ারা।
ফয়সালাবাদে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৪টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
২০০৭ সালের অক্টোবরে সর্বশেষ পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর পাকিস্তানের মাটিতে কখনও ওয়ানডে সিরিজ জিততে পারেনি প্রোটিয়ারা। এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলছিল দক্ষিণ আফ্রিকা। ঐ সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড।
১৯৯৪ সাল থেকে পাকিস্তানের মাটিতে ওয়ানডে খেলছে দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত মাত্র দু’বার দ্বিপাক্ষিক সিরিজ খেলছে দু’দল। দু’বারই জিতেছে প্রোটিয়ারা। ২০০৩ ও ২০০৭ সালে হওয়া পাঁচ ম্যাচের সিরিজ দু’টি ৩-২ ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
দীর্ঘদিন পর পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সবশেষ দুই সিরিজের মত এবারও সাফল্যের স্বাদ নিতে চায় প্রোটিয়ারা।

দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ব্রিটস্কি বলেন, ‘পাকিস্তানের মাটিতে দীর্ঘদিন পর ওয়ানডে সিরিজ খেলার সুযোগ হয়েছে আমাদের। এই সুযোগ স্মরনীয় করে রাখতে চায় দল। এজন্য সিরিজ জিততে হবে। সেই সাথে ১৮ বছর পর সিরিজও জিততে পারবে দল।’
পেশির ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না পেসার জেরাল্ড কোয়েৎজি। তার পরিবর্তে ওয়ানডে সিরিজে খেলবেন ওটনিল বার্টম্যান।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি ওয়ানডে সিরিজ খেলে, সবগুলোই হেরেছে পাকিস্তান। তাই ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিতে চায় স্বাগতিকরা।
পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সিরিজ জয়। এজন্য আমরা সব ধরণের প্রস্তুতি নিয়েছি। এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ঘরের মাঠে আমরা কখনও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারিনি। আশা করছি এবার ভাল কিছু হবে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে আফ্রিদির। এর আগে পাকিস্তানকে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন আফ্রিদি। ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম পাকিস্তানকে নেতৃত্ব দেন আফ্রিদি। ঐ সিরিজ ৪-১ ব্যবধানে হেরে যায় পাকিস্তান। এর কয়েক মাস পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় আফ্রিদিকে।
এখন পর্যন্ত ৮৭ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। এরমধ্যে প্রোটিয়াদের জয় ৫২ ম্যাচে এবং ৩৪ ম্যাচে জিতেছে পাকিস্তান।
সূত্র: বাসস


















