ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন

সিরিজ নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ

যে দামে কেনা সেই দামে বেচা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টার্নিং উইকেট বানিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ম্যাচ হারা বাংলাদেশ দলের অবস্থা এখন অনেকটা সে রকমই। ফিল সিমন্স যেখানে স্বপ্ন দেখেছিলেন, দেশে খেলার সুবিধা কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করবেন, পয়েন্ট টেবিলে ক্যারিবীয়দের পেছনে ঠেলে নবম স্থানের দখল নেবেন, সে আশার গুড়ে বালি মঙ্গলবারের হারে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি সুপার ওভারে জিতে বাংলাদেশের সঙ্গে র‍্যাঙ্কিং পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে ক্যারিবীয়রা। সফরকারীদের ৮০ পয়েন্টের বিপরীতে স্বাগতিকরা ৭৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে।

আজ সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ বাংলাদেশ জিতে গেলেও পয়েন্ট টেবিলে বড় কোনো পরিবর্তন হবে না। নবম স্থানে থাকা উইন্ডিজ এক পয়েন্ট খোয়াবে, দুই পয়েন্ট বাড়বে বাংলাদেশের, অর্থাৎ ৭৪ থেকে ৭৬-এ জাম্প করবে। ক্রিকেটাররা মনে করেন, নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারা হবে লজ্জার। তাই সম্মান বাঁচাতে আজ সিরিজ নির্ধারণী ম্যাচটি জিততে মরিয়া হয়ে খেলবে বাংলাদেশ।

মঙ্গলবার রাতে ম্যাচ খেলায় পরের দিন অনুশীলন রাখেনি কোনো দল। বাংলাদেশের যে কজন ক্রিকেটার গতকাল মিরপুরে এলেন নেট সেশন করতে, তারা কেউ ম্যাচ খেলছেন না। লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন চোটের কারণে ওয়ানডে দলে নেই। ওপেনার তানজিদ হাসান তামিম, শামীম হোসেন ও জাকের আলী ম্যাচ খেলছেন না। রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রা ঐচ্ছিক অনুশীলন করেন মূলত টি২০ সিরিজের প্রস্তুতি নিতে। এরপরও মিরপুরে নতুন করে আলোচনার খোরাক দেয় লিটন কুমার দাস গত কয়েক দিন নিয়মিত নেট সেশন করায়। ব্যাটিং লাইনআপে শক্তি বাড়াতে টি২০ অধিনায়ককে শেষ ওয়ানডের দলে নেওয়া হবে কিনা– সাংবাদিকদের মধ্যে এমন কৌতূহল। কারণ হলো ব্যাটিংটা ভালো হচ্ছে না বাংলাদেশের। যদিও লিটন প্রস্তুতি নিচ্ছেন টি২০ সিরিজের জন্য। এই আলোচনার ফাঁকেই কেউ কেউ শেষ ম্যাচে বাংলাদেশের জয় নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

আগের ম্যাচে জাতীয় দলের কোচিং প্যানেলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারাও। বিশেষ করে সুপার ওভারে রিশাদ হোসেন বা মাহিদুল ইসলাম অংকনকে ব্যাটিং করতে না দেওয়া সমালোচনার খোরাক দিয়েছে। সুপার ওভার হয়েছে পুরোনো বলে, যেটা গত দুই ম্যাচে দারুণ মোকাবিলা করেছেন রিশাদ। অথচ কোচ ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিন ব্যাট করতে পাঠান সাইফ হাসান, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তকে। নতুন বলের ব্যাটারদের মোকাবিলা করতে পাঠান পুরোনো বলে!

নাম প্রকাশ না করার শর্তে বিসিবিতে কর্মরত একজন সাবেক অধিনায়ক বলেন, ‘সাইফ দুই ম্যাচে ২০টি বলও খেলেনি। সে খেলে নতুন বলে, তাকে কেন সুপার ওভারে খেলাল? তাদের বোঝা উচিত ছিল টানা দুই ম্যাচে পুরোনো বলে কে হিট করেছে। তারা ভুল করে আর ম্যাচ হেরে খেসারত দেয় দল।’

ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর স্বাগতিকরা ১৮ থেকে ২০ ঘণ্টার মধ্যে কতটা উজ্জীবিত হয়ে শেষ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারছেন কিনা, সেটি দেখার বিষয়। আজ আবার সেই মধ্যদুপুরে মিরপুরে মুখোমুখি হবে নিজেদের সেরা প্রমাণ করতে। এই ম্যাচ জিততে হলে প্রবল শক্তি নিয়ে ফিরতে হবে বলে মনে করেন সৌম্য সরকার। ‘আমাদের অনেক শক্তি নিয়ে ফিরতে হবে। সব বিভাগে ভালো ক্রিকেট খেলতে পারলে জেতা সম্ভব।’

টার্নিং উইকেটে স্পিন বল সাপের মতো বাঁক নিলেও ক্যারিবীয়দের ছোবল দিতে পারেনি গত ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন আগের দিন সংবাদ সম্মেলনে চ্যালেঞ্জ ছুড়েছেন, স্বাগতিকদের সিরিজ জিততে দেবেন না। বুঝতেই পারছেন, আজ লড়াই হবে সমানে সমান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ