তিন দফা দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় ব্লকেড করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগে অবস্থান নেন। এতে মুহূর্তের মধ্যেই শাহবাগসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে দুপুরের দিকে শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে থেকে দুপুর পৌনে ২টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দেন। তাদের হাতে ছিল জাতীয় পতাকা ও তিন দফা দাবি সংবলিত ব্যানার–প্ল্যাকার্ড।
তিন দফা দাবি
১. মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাতা বৃদ্ধি
২. চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীতকরণ
৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীতকরণ
শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পাশাপাশি শিক্ষা জাতীয়করণের রূপরেখা ঘোষণার দাবিও জানানো হয়েছে। তাদের ভাষ্য, প্রয়োজন হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী মঙ্গলবার এক বিবৃতিতে এ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বুধবার চতুর্থ দিনের মতো শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।
এর আগে গত রবিবার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ ও আন্দোলনরত শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এর পর থেকেই এমপিওভুক্ত শিক্ষকরা সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।
বর্তমানে শাহবাগ এলাকাজুড়ে যানজট ও জনদুর্ভোগ চরমে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে, তবে শিক্ষকরা জানিয়েছেন— দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সরে যাবেন না।