দক্ষিণ আফ্রিকার উত্তরের পার্বত্য অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লিম্পোপো প্রদেশের মাখাদো শহরের কাছে এন–১ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দেশটির স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
দুর্ঘটনার পরও কয়েকজন যাত্রী উল্টে যাওয়া বাসের ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরা জানিয়েছে, রাতভর উদ্ধার তৎপরতা চলেছে এবং এখনো উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধান করছেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালকের অতিরিক্ত ক্লান্তি বা বাসটির যান্ত্রিক ত্রুটি এই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
লিম্পোপো প্রদেশের পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশ থেকে জিম্বাবুয়ে ও মালাউইয়ের উদ্দেশে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে উল্টে যায়।
উদ্ধার অভিযান ও হতাহতদের অবস্থা
রাতভর উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালায়। আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি হাসপাতালগুলোতে ভর্তি করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ জনেরও বেশি যাত্রী চিকিৎসাধীন রয়েছেন, যাদের অনেকের অবস্থা গুরুতর।
দক্ষিণ আফ্রিকার সরকারি সম্প্রচার মাধ্যম এসএবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ১৮ জন নারী, ১৭ জন পুরুষ ও সাতজন শিশু। নিহতদের মধ্যে একজন মাত্র ১০ মাস বয়সী শিশু।
রাস্তা বন্ধ ও প্রশাসনের পদক্ষেপ
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ এন–১ মহাসড়কটি দুর্ঘটনার পর থেকে সোমবার সকাল পর্যন্ত দুই দিকেই বন্ধ রাখা হয় উদ্ধারকাজের সুবিধার্থে।
লিম্পোপো প্রদেশের প্রিমিয়ার ফোফি রামাথুবা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন,
“একটি দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানির বেদনা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”