শিক্ষা ক্যাডারের জন্য ৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা আজ। সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই পরীক্ষায় বসবেন তিন লাখের বেশি চাকরিপ্রার্থী। পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এ পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল ঢাকা কেন্দ্রে। পরীক্ষার আসন বিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।
পিএসসির সূত্রমতে, সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে আয়োজিত এ বিশেষ বিসিএসে মোট আবেদন পড়েছে তিন লাখ ১২ হাজারের কিছু বেশি। ৬৮৩টি শূন্যপদের বিপরীতে গড়ে প্রতি পদে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দীর্ঘদিন ধরে শিক্ষা ক্যাডারে শিক্ষক সংকট থাকায় গত ২১ জুলাই বিশেষ এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরদিন ২২ জুলাই থেকে শুরু হয় অনলাইনে আবেদন প্রক্রিয়া, যা চলে ২২ আগস্ট পর্যন্ত। এবারের বিশেষ বিসিএসে আবেদনের বয়সসীমা ছিল ২১ থেকে ৩২ বছর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে প্রভাষক নেওয়া হবে ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০ জন। সর্বাধিক শূন্যপদ রয়েছে বাংলা বিভাগে—৬১টি। এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি, দর্শন ও রসায়নে ৩০টি করে পদসহ অন্যান্য বিভাগে নিয়োগ দেওয়া হবে।
বিশেষ বিসিএসের পরীক্ষাপদ্ধতি সাধারণ বিসিএসের থেকে কিছুটা ভিন্ন। এখানে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় না; লিখিত পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন ও মৌখিক পরীক্ষায় ১০০ নম্বরে প্রার্থীদের মূল্যায়ন করা হবে।