খুলনায় ইমরান মুন্সি নামে এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে নগরীর ২নং কাস্টমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমরান মুন্সি মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে।
পুলিশের দাবি, তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর তৈরি ‘বি কোম্পানির’ সক্রিয় সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে ইমরান হেঁটে নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করেন এবং মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন। ঘটনাস্থলে ইমরানের মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ইমরানকে শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনসের দিকে চলে যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্নস্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে।