ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন

মাদাগাস্কারে ‘জেন জি’ বিক্ষোভ, সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট

পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে তরুণদের নেতৃত্বে ‘জেন জি’ আন্দোলন নতুন মাত্রায় পৌঁছেছে। বিদ্যুৎ ও পানি সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা দেশের সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্ত দেশটিতে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত বৃহস্পতিবার থেকে রাজধানী আন্তানানারিভোতে শুরু হওয়া ‘জেন জি’ আন্দোলন দ্রুত আটটি শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বিদ্যুৎ–জ্বালানি বিভ্রাট ও সাধারণ জনজীবনে অস্বস্তির কারণে রাস্তায় নেমে সরকার পদত্যাগের দাবি তুলেছিলেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা জানান, তিনি প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন এবং পুরো সরকার ভেঙে দিয়েছেন। আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন আহ্বান করা হবে এবং নতুন সরকার গঠন করা হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের সময় অন্তত ২২ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক নিরাপত্তা বাহিনীর “অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগের” নিন্দা জানিয়েছেন। আটক, মারধর, রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং সরাসরি গুলিতে বিক্ষোভকারীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের তথ্য প্রত্যাখ্যান করেছে। সহিংসতা ও লুটপাটের কারণে রাজধানীতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

প্রেসিডেন্ট রাজোয়েলিনা আরও জানিয়েছেন, বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকটে যে ক্ষোভ, দুঃখ ও ভোগান্তি তৈরি হয়েছে, তিনি তা বুঝতে পারছেন এবং তরুণদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। এর আগে তিনি বিদ্যুৎ–জ্বালানি মন্ত্রীর বরখাস্ত করলেও বিক্ষোভকারীরা পুরো সরকারের পদত্যাগের দাবি তোলেন। স্বাধীনতার পর থেকে মাদাগাস্কারে একাধিক গণঅভ্যুত্থান ঘটে; ২০০৯ সালে সাবেক প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল এবং রাজোয়েলিনা ক্ষমতায় আসেন। ২০২৩ সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর এটাই তার সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। তথ্যসূত্র : বিবিসি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ