জুলাই আন্দোলন দমনে হাজারো ফোন নির্দেশনা দিয়েছিলেন গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন তথ্য প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা।
তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যাওয়ার পরপরই ঢাকায় ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর সার্ভার থেকে তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে মুছে ফেলা হয় প্রায় এক হাজার কল রেকর্ড।
মুছে ফেলা হয় চারটি নাম্বারের তথ্য
তদন্ত কর্মকর্তা তানভীর জোহা বলেন, “শেখ হাসিনা নিয়মিত যে চারটি ফোন নাম্বার ব্যবহার করতেন, সেই নাম্বারগুলোর মালিকানার তথ্য ও কল রেকর্ড ৫ আগস্ট সন্ধ্যায় সার্ভার থেকে সরিয়ে দেওয়া হয়। লোক পাঠিয়ে সরাসরি এনটিএমসির সার্ভার থেকেই এসব ডেটা ডিলিট করা হয়।”
এ সময় একইসঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনামন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয়েছে বলে জানান তিনি।
ডিজিটাল প্রমাণ উদ্ধারের চেষ্টা
তানভীর জোহা আরও জানান, এনটিএমসির প্রাক্তন মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে ওপেন সোর্সের মাধ্যমে নিয়োগ পাওয়া এক ব্যক্তি তথ্য মুছে ফেলার কাজ সম্পন্ন করেন। তবে ডিজিটাল এভিডেন্স উদ্ধারে কাজ চলছে এবং প্রাথমিকভাবে চারটি নাম্বার শেখ হাসিনার ব্যবহৃত বলে শনাক্ত করা গেছে।
জুলাই আন্দোলনের সময় ঢাকায় ব্যাপক বিক্ষোভ, সহিংসতা ও সরকারি দমন-পীড়নের ঘটনা ঘটে। ওই সময় শেখ হাসিনা নিয়মিত চারটি ফোন নাম্বার ব্যবহার করে নির্দেশ দিতেন বলে অভিযোগ রয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, কল রেকর্ড মুছে ফেলার উদ্দেশ্য ছিলো এসব নির্দেশনার প্রমাণ আড়াল করা।