ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় নামাজ আদায়ের সময় স্কুল ধস: নিহত ১, নিখোঁজ ৩৮

ইন্দোনেশিয়ায় একটি স্কুল ভবন ধসে এক শিক্ষার্থী নিহত হয়েছে। ডজনখানেক আহত এবং ৬৫ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ঘটনার পর থেকে উদ্ধারকর্মীরা অক্সিজেন ও পানি সরবরাহ করে রাতভর আটকে পড়াদের জীবিত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

পূর্ব জাভার সিদোয়ারজো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে নামাজ আদায়ের সময় ভবনটি ধসে পড়ে। পুলিশ, সেনা ও উদ্ধারকর্মীরা রাতভর মাটি ও কংক্রিট সরিয়ে উদ্ধারকাজ চালান। কয়েক ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে আটজন দুর্বল ও আহত শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়।

তবে উদ্ধারকারীরা আরও মৃতদেহ দেখতে পেয়েছেন। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা আছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

শিক্ষার্থীদের পরিবার হাসপাতালে ও ঘটনাস্থলে অপেক্ষা করছেন সন্তানদের খোঁজে। আহত এক শিক্ষার্থীকে টেনে বের করার সময় ধুলোয় ঢাকা দেহ দেখে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

বোর্ডিং স্কুল প্রাঙ্গণে স্থাপিত কমান্ড পোস্টের নোটিশবোর্ডে মঙ্গলবার সকাল পর্যন্ত ৬৫ জন শিক্ষার্থীকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়। এরা মূলত সপ্তম থেকে একাদশ শ্রেণির ছেলে শিক্ষার্থী, বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে।

একজন মা সন্তানের নাম তালিকায় দেখে আর্তচিৎকার করে বলেন, হায় আল্লাহ, আমার ছেলে এখনো চাপা পড়ে আছে, আল্লাহ ওকে বাঁচাও! একইভাবে অনেক বাবা-মা কান্নায় ভেঙে পড়েন।

এক বাবা উদ্ধারকর্মীর হাত ধরে অনুরোধ করেন, স্যার, দয়া করে আমার ছেলেকে দ্রুত খুঁজে দিন। ধ্বংসস্তূপে ভারী কংক্রিটের টুকরো এবং ভাঙা অংশ উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে।

উদ্ধারকর্মী নানাং সিগিত বলেন, ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে ভবনের আরও অংশ ধসে পড়তে পারে বলে তা ব্যবহার করা হচ্ছে না। সিগিত বলেন, আমরা আটকে পড়াদের কাছে অক্সিজেন ও পানি পাঠাচ্ছি এবং সর্বোচ্চ চেষ্টা করছি জীবিতদের উদ্ধার করতে।

উদ্ধারকাজে কয়েকশ’ কর্মী অংশ নিয়েছেন। তাদের কাছে শ্বাস-প্রশ্বাসের সরঞ্জাম, আহতদের বের করার যন্ত্র, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সহায়ক উপকরণ আছে।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র জুলেস আব্রাহাম আবাস্ত জানান, ভবনটিতে অনুমতি ছাড়া সম্প্রসারণ কাজ চলছিল। শিক্ষার্থীরা নামাজ পড়ার সময় হঠাৎ পুরো ভবনটি ভেঙে পড়ে।

বেঁচে যাওয়া শিক্ষার্থীরা জানান, মেয়েরা ভবনের অন্য অংশে নামাজ পড়ছিলেন বলে তারা বেরিয়ে যেতে পেরেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ